
বরিশালে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ এবং মুঠোফোনে সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে
করা মামলায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে নগরের বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই তরুণী বাদী হয়ে গতকাল মামলা
করেন। গ্রেপ্তার তিন যুবক হলেন বরিশাল নগরের জামিয়া কাসিমিয়া মাদ্রাসার শিক্ষক আবিদ
হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম
হাওলাদার ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির। বিজ্ঞাপন বিজ্ঞাপন আজ
সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন ভূঁইয়া প্রথম
আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা
হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, গ্রেপ্তার তিন
যুবক বর্তমানে ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা হলেও আগে তাঁরা একই বাড়িতে ভাড়া থাকতেন।
সেই সূত্রে পরিচয় এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করে তাঁরা ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন।
বিজ্ঞাপন মামলার এজাহারে তরুণী অভিযোগ করেন, পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হওয়ার
বিষয়টি হবু স্বামীর বন্ধু আবিদ, সাইম ও হৃদয় জানতেন। চলতি বছরের ২০ আগস্ট রাতে হৃদয়
কল করে বলেন, তাঁর হবু স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে। পরে আবিদ ও সাইমও
তাঁকে একই কথা বলেন। হাতেনাতে প্রমাণ পেতে ২৭ আগস্ট তরুণীকে হৃদয়ের বাসায় যেতে বলেন
তাঁরা। সেদিন সকালে ওই বাসায় গেলে হৃদয়, আবিদ ও সাইম তাঁকে ধর্ষণ করেন। মুঠোফোনে
তাঁর ভিডিও করেন তাঁরা। মামলার এজাহারে তরুণী আরও অভিযোগ করেন, ধর্ষণের ভিডিও ছড়িয়ে
দেওয়ার হুমকি দিয়ে তিনজন আরও পাঁচবার তাঁকে ধর্ষণ করেন। একসময় ভিডিও ছড়িয়ে দেওয়ার
ভয় দেখিয়ে তিনজন তাঁর কাছে টাকা দাবি করেন। কিন্তু তরুণী টাকা দিতে অস্বীকৃতি
জানালে অভিযুক্তরা ধর্ষণের ভিডিও হবু স্বামীর বাবাকে দেখান। বিষয়টি জানাজানি হলে
তিনি থানায় মামলা করেন। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল
উদ্দিন বলেন, তরুণীর মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
0 Comments